
সাহিত্য, সমাজ ও স্বপ্নের এক নিরবচ্ছিন্ন যাত্রা। ‘অন্ত্যমিল’ বলতে বোঝায় চরণের শেষ শব্দের ধ্বনিগত সাদৃশ্য। এই ভাষাগত সৌন্দর্যকে ধারণ করেই ২০২০ সাল থেকে এপার বাংলা ও ওপার বাংলার সম্মিলিত সাহিত্য প্ল্যাটফর্ম হিসেবে সাহিত্য জগতে যাত্রা শুরু করে ‘অন্ত্যমিল কবিতা’। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান তানভীর রিসাত। অল্প বয়সেই তিনি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। সাহিত্যকে কেন্দ্র করে সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত হতে গিয়ে তার অভিজ্ঞতা দ্রুত বিস্তৃত হয়। এর ধারাবাহিকতায় তিনি যুক্ত হন বিনামূল্যে বই নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘বইবন্ধু’-র সঙ্গে। সেখানে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিভাগে বই বিনিময় উৎসব আয়োজন করেন, যা দেশে এই ধরনের উদ্যোগের প্রথম উদাহরণ হিসেবে পরিচিতি পায়। তানভীর রিসাতের আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো বাংলাদেশের প্রথম “বুক এক্সচেঞ্জ কর্নার” প্রতিষ্ঠা। চট্টগ্রাম শহরের জামালখানে অবস্থিত এই কর্নারে যে কেউ একটি বই দিয়ে অন্য একটি বই নিতে পারেন। পাশাপাশি পার্কসহ উন্মুক্ত স্থানে ক্ষুদ্র লাইব্রেরি গড়ে তোলার কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এসব উদ্যোগের মাধ্যমে তিনি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ‘অন্ত্যমিল’কে কেন্দ্র করে তিনি শুধু সাহিত্য প্ল্যাটফর্মেই থেমে থাকেননি। ২০২৩ সালে ‘অন্ত্যমিল প্রকাশন’ প্রতিষ্ঠার মাধ্যমে প্রকাশনা জগতে যাত্রা শুরু করেন। পড়াশোনার পাশাপাশি অল্প বয়সেই তিনি দেশ-বিদেশে একজন জুনিয়র প্রকাশক হিসেবে পরিচিতি লাভ করেন। শিক্ষার্থী, সংগঠক, সমাজসেবক ও প্রকাশক—এই পরিচয়ের সমন্বয়ে তিনি মানুষের সেবায় নিয়োজিত। তরুণ লেখকদের জন্য স্বল্প খরচে মানসম্মত প্রকাশনার উদ্যোগ নিয়েছেন তিনি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস, সায়েন্স ফিকশন, অনুবাদ ও শিশুসাহিত্যসহ নানা বিষয়ে বই প্রকাশ করছে অন্ত্যমিল প্রকাশন। তরুণ ও প্রবীণ লেখকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। এই সাহিত্যভিত্তিক স্বপ্নযাত্রা একদিন বিশ্বজুড়ে পরিচিতি লাভ করবে—এমনটাই প্রত্যাশা।
৳ 0